পুটিমারিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধা/ক্কা, নিহত তিন
আলিপুরদুয়ার: এক মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল আলিপুরদুয়ার–২ ব্লকের পুটিমারি গ্রাম। সোমবার গভীর রাতে, ঠিক রাত ২টা ১৮ মিনিট নাগাদ, ৩১সি জাতীয় সড়কের পুটিমারি সেন্ট্রাল ব্যাংকের সামনে ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে, গুরুতর জখম অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গাড়ির চালক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিজাত একটি ছোট যাত্রীবাহী গাড়ি প্রবল বেগে ৩১সি জাতীয় সড়ক ধরে বারবিসার দিকে যাচ্ছিল। পুটিমারি সেন্ট্রাল ব্যাংকের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বড় বটগাছে সজোরে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কার তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে তিন টুকরো হয়ে যায়। গাড়ির ভেতরে থাকা তিন যুবক ছিটকে পড়ে জাতীয় সড়কের উপরেই গুরুতর জখম হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শামুকতলা রোড ফাঁড়ির ওসি সঞ্জীব মোদকের নেতৃত্বে পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তিন যুবককেই মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম চালককে প্রাথমিক চিকিৎসার পর কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
মৃত তিন যুবকের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, তাঁদের বাড়ি আলিপুরদুয়ার ও সংলগ্ন এলাকায়।
সকাল থেকেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের কথায়, গভীর রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে তাঁরা দেখেন ভয়াবহ দুর্ঘটনার দৃশ্য।
পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি অথবা অন্য কোনও কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো হচ্ছিল কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
শামুকতলা রোড ফাঁড়ির ওসি সঞ্জীব মোদক জানান,
“খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনার তদন্ত গুরুত্ব সহকারে করা হচ্ছে।”