জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বানেশ্বর মোড়ের বাসিন্দা স্বপন রায় দীর্ঘ ২৪ বছর ধরে সম্পূর্ণ বিনামূল্যে অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা করে আসছেন। আর্থিকভাবে খুব বেশি সচ্ছল না হলেও মানুষের পাশে দাঁড়ানোই তাঁর জীবনের প্রধান লক্ষ্য। তাঁর এই মানবিক উদ্যোগের খবর পৌঁছে যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কাছে।
মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ‘উন্নয়নের পাঁচালী’ সহ বিভিন্ন উপহার পাঠানো হয় স্বপন রায়ের জন্য। এক অনুষ্ঠানের মাধ্যমে সেই উপহার তুলে দেওয়া হয় স্থানীয় বিধায়ক খগেশ্বর রায়-এর হাত ধরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-এর ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি সহ দলের অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিরা।
মুখ্যমন্ত্রীর এই সম্মান পেয়ে স্বপন রায় জানান, গত ২৪ বছর ধরে তিনি গরিব মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন এবং ভবিষ্যতেও একইভাবে মানুষের পাশে থাকতে চান। তিনি বলেন, একটি অ্যাম্বুলেন্স পেলে আরও দ্রুত ও কার্যকরভাবে রোগীদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
অন্যদিকে বিধায়ক খগেশ্বর রায় বলেন, স্বপন রায়ের মানবিক কাজের স্বীকৃতি হিসেবেই মুখ্যমন্ত্রী এই বিশেষ উপহার পাঠিয়েছেন। পাশাপাশি তাঁর চিকিৎসা পরিষেবার সুবিধার্থে কিছু চেয়ার দেওয়ার প্রতিশ্রুতিও দ্রুত পূরণ করা হবে বলে জানান তিনি। ভবিষ্যতে অ্যাম্বুলেন্সের দাবিও পূরণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিধায়ক।