জানা গিয়েছে, শনিবার সকালে সহকর্মী পায়েল মোহন্তর সঙ্গে স্কুটিতে করে ময়নাগুড়ি বিডিও অফিসে যাচ্ছিলেন সম্পা রায়। দু’জনেই ময়নাগুড়ি বিডিও অফিসে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত এবং বর্তমানে এসআইআর শুনানি কেন্দ্রের ডেটা এন্ট্রির দায়িত্বে ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ডাম্পার তাঁদের স্কুটিতে সজোরে ধাক্কা মারলে দু’জনেই গুরুতরভাবে জখম হন।
তড়িঘড়ি তাঁদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সম্পা রায়কে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে পায়েল মোহন্তর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
ঘটনার পর ঘাতক ডাম্পারটি পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ডাম্পারের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রশাসনিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।