রাজগঞ্জে প্রশাসনিক অচলাবস্থা কাটাতে নতুন দায়িত্বে সৌরভ কান্তি মণ্ডল
রাজগঞ্জ:মামলা জটিলতায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। তাঁর অনুপস্থিতিতে প্রশাসনিক কাজকর্ম সচল রাখতে রাজগঞ্জের ভিডিও সৌরভ কান্তি মণ্ডলকে প্রোগ্রাম অফিসার (পিও) এর দায়িত্ব দেওয়া হল। সোমবার ফুলের তোড়া দিয়ে তাঁকে অগ্রিম সংবর্ধনা জানান রাজগঞ্জের বিধায়ক।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজগঞ্জ ব্লকের প্রশাসনিক কাজ কার্যত থমকে ছিল। সেই অচলাবস্থা কাটাতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের হাতে প্রশাসনিক দায়িত্ব যাওয়ায় প্রশাসনিক মহলে স্বস্তি ফিরেছে।
রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় জানান, সোমবার সকাল ন’টা নাগাদ তিনি নতুন দায়িত্ব দেওয়ার খবর পান। এরপরই সৌরভ কান্তি মণ্ডলকে শুভেচ্ছা জানান। তাঁর দাবি, নতুনভাবে কাজ শুরু হলে ব্লকের উন্নয়নমূলক প্রকল্পগুলিতে গতি আসবে।
প্রসঙ্গত, বর্তমান বিডিও প্রশান্ত বর্মন নিউ টাউন স্বর্ণ ব্যবসায়ী খুন মামলায় অভিযুক্ত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ২৩ জানুয়ারির মধ্যে তাঁর আত্মসমর্পণের কথা থাকলেও এখনও তিনি পলাতক। এর জেরে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল।
প্রশাসনিক সূত্রের খবর, পরিস্থিতি সামাল দিতেই জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মণ্ডলকে প্রোগ্রাম অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় মহলে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। অনেকের মতে, নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের উদ্যোগে উন্নয়নের কাজ ফের গতি পাবে। ইতিমধ্যেই সরকারি ভাবে তাঁকে রাজগঞ্জ বিডিওর দায়িত্ব দেওয়া হয়েছে।