নাকা ভেঙে পুলিশের গাড়িতে ধাক্কা, তবু শেষরক্ষা নয়—৭৩ কেজি গাঁজা সহ ধৃত ট্রাকচালক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে চাঁদের মোড় এলাকায় নাকা চেকিং বসানো হয়। সেই সময় সন্দেহভাজন ট্রাকটি এগিয়ে এলে পুলিশ তাকে থামানোর চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি বেগতিক বুঝে ট্রাকচালক সিগন্যাল ভেঙে পুলিশের গাড়ির উপর দিয়ে ট্রাক চালিয়ে পালানোর চেষ্টা করে। এতে গুরুতর ক্ষতিগ্রস্ত হয় একটি পুলিশ ভ্যান। এরপর সামনে থেকে আসা আরেকটি ভারী গাড়িতে ধাক্কা মেরে ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
পুলিশ সঙ্গে সঙ্গে ট্রাকটির পিছু নেয়। রুদ্ধশ্বাস ধাওয়ার পর আহিরনহাট ট্রাফিক সিগন্যাল এলাকায় ট্রাকটিকে আটকাতে সক্ষম হয় পুলিশ। ট্রাক থামতেই চালক কেবিন থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে। তবে ট্রাকের খালাসি পালিয়ে যায়। তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
পরবর্তীতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে মোট ৭৩ কেজি গাঁজা উদ্ধার হয়। এই ঘটনায় সুতি থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
— জঙ্গিপুর পুলিশ জেলা