ভাইরাল ভিডিওতে দেখা যায়, হাসিমুখে তরুণীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর আচমকাই তাঁর হিজাবে টান দেন মুখ্যমন্ত্রী। ঘটনায় চমকে যান ওই তরুণীও। ভিডিওর সত্যতা এখনও যাচাই হয়নি, তবে ইতিমধ্যেই রাজনৈতিক মহল থেকে শুরু করে আমজনতার মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। কংগ্রেস ও আরজেডি ঘটনার কড়া নিন্দা করেছে।
এই ইস্যুতে মুখ খুলেছেন প্রাক্তন অভিনেত্রী ও ‘দঙ্গল গার্ল’ জায়রা ওয়াসিম। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, প্রকাশ্যে কোনও নারীর মর্যাদায় আঘাত করা অনুচিত। বিশেষত একজন মুসলিম নারীর হিজাব নিয়ে এমন আচরণ অত্যন্ত আপত্তিকর। তাঁর কথায়, ক্ষমতা কাউকে সীমা লঙ্ঘনের অধিকার দেয় না। তিনি মুখ্যমন্ত্রীর কাছে ওই তরুণীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৯ সালে অভিনয় ছাড়লেও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় ইস্যুতে নিয়মিত সরব থাকেন জায়রা ওয়াসিম। এই ঘটনায় তাঁর প্রতিবাদ নতুন করে আলোচনায় এসেছে।